Monday, November 9

সংযম, রহমত ও ক্ষমার বার্তা নিয়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আজ বৃহস্পতিবার প্রথম রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। আগামী ১৬ মার্চ রাতে পবিত্র শবেকদর পালিত হবে।

রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। এই সংযমের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের চেষ্টা করেন মুসল্লিরা। মহান আল্লাহ বলেন, “রমজান মাস, এ মাসেই কোরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়েত, সত্পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক-বাতিলের পার্থক্যকারী…” (সুরা বাকারা: ১৮৫)।

গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদের উত্তর গেটে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ধর্মসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর গেটে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ অন্যরা।

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এক বিবৃতিতে বলা হয়, রমজানের প্রথম ছয় দিন দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে কোরআন খতম করা সম্ভব হবে।

পবিত্র রমজান উপলক্ষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ রয়েছে এ মাসে। তিনি ধনী-গরিব নির্বিশেষে সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান।

বরকতময় এ মাস ঘিরে সারা দেশে ধর্মীয় আমেজ বিরাজ করছে। মুসল্লিরা আশা করছেন, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে রমজান মানবকল্যাণ ও শুদ্ধ আত্মার উন্নতির পথ সুগম করবে।

Leave A Reply


Math Captcha
87 + = 89