Monday, November 9

অধিকৃত পূর্ব জেরুজালেমে সোমবার সন্ধ্যায় শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা WAFA স্থানীয় সূত্রের বরাতে জানায়, কোনো কারণ না জানিয়েই তাকে আটক করা হয়।

সংস্থাটি জানায়, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি পদক্ষেপ জোরদার হওয়ার মধ্যেই এই গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর বিধি-নিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে সীমাবদ্ধতা এবং ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধি।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি কর্তৃপক্ষ শায়খ আল-আব্বাসিকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়, যা নবায়নযোগ্য বলে জানানো হয়। তবে কেন তাকে নিষিদ্ধ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি বলে দাবি করেন তিনি। এক বছর আগে গুরুতর সড়ক দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে সম্প্রতি দায়িত্বে ফেরার পরপরই এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি এটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।

রমজান মাসকে সামনে রেখে প্রস্তুতির সময় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এ স্থানটিতে রমজানে লাখো ফিলিস্তিনি নামাজ আদায় করতে সমবেত হন।

মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এ গ্রেপ্তারের নিন্দা জানায়। সংগঠনটি দাবি করে, আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ প্রকাশ্য হস্তক্ষেপ এবং ইমামদের ওপর আক্রমণের শামিল। তারা আরও অভিযোগ করে, মুসল্লিদের প্রবেশে বাধা, রমজানের প্রস্তুতিতে প্রতিবন্ধকতা এবং বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধির মাধ্যমে পবিত্র স্থানটির মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে।

হামাস এসব পদক্ষেপকে মসজিদটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ‘ইহুদিকরণ’-এর চেষ্টা বলে আখ্যা দিয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও আল-আকসা মসজিদসংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। সেখানে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার মধ্যে ধর্মীয় ব্যক্তিত্ব ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গ্রেপ্তার ও নিষেধাজ্ঞার আদেশ অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: TRT World।

Leave A Reply


Math Captcha
− 6 = 1