Monday, November 9

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে সরাসরি ভোটে প্রথমবারের মতো নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ভোটের ফলাফল

‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ–এর সহসভাপতি জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ভোটের ব্যবধান ৩৮ হাজারেরও বেশি।

৫৩ বছর পর অন্য এক প্রেক্ষাপট

রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ ১৯৭৩ সালে একই আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাকে পরাজিত দেখানো হয়।

১৯৭৩ থেকে ২০২৬—দুই প্রজন্ম, দুই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট। বাবার পরাজয়ের ৫৩ বছর পর নানা প্রতিকূলতা পেরিয়ে জয়ী হলেন মেয়ে।

উল্লেখ্য, রুমিন ফারহানা এর আগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। এবার সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

প্রতিক্রিয়া

বাংলাদেশ মহিলা পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগঠক সম্পাদক শামীমা সিকদার দীনা বলেন, প্রথমবারের মতো সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়া গর্ব ও আনন্দের বিষয়। বিশেষ করে কোনো দলের মনোনয়ন ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়া অত্যন্ত মর্যাদার।

সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি জয়দুল হোসেনও বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ফলাফল প্রমাণ করে নারীরা পিছিয়ে নেই।

ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ইতিহাসে এ জয় নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
+ 78 = 84