ঢাকা, মঙ্গলবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে পর্যায়ক্রমে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।
নির্বাচনে নিরঙ্কুশ জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংসদের ৩০০ আসনের মধ্যে দুইটির ফল স্থগিত এবং একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল হয়। বাকি ২৯৭ আসনের মধ্যে বিএনপি পায় ২০৯টি আসন।
অন্যদের মধ্যে—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬,
বাংলাদেশ খেলাফত মজলিস ২,
ইসলামী আন্দোলন বাংলাদেশ,
গণঅধিকার পরিষদ,
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি),
গণসংহতি আন্দোলন এবং
খেলাফত মজলিস একটি করে আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ৭ আসনে।
দীর্ঘ রাজনৈতিক পথচলা
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই দলীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। সে সময় বিএনপি জোট সরকার গঠন করলেও তিনি এমপি পদে নির্বাচন করেননি। ২০০২ সালের ২২ জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ সৃষ্টি করে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়।
এক-এগারোর সরকারের সময় একাধিক মামলায় গ্রেপ্তার, ১৮ মাস কারাবাস ও নির্যাতনের পর প্রায় ১৭ বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকতে হয় তাকে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে দেশে ফেরেন তিনি।
গত ডিসেম্বরে ঢাকায় ফিরে দলের পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা পান তারেক রহমান। এ সময় তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন। কয়েকদিন পর তার মৃত্যু এবং জাতীয় সংসদ নির্বাচন—এই দুই গুরুত্বপূর্ণ অধ্যায় সামলাতে হয় তাকে।
প্রথম নির্বাচনী নেতৃত্বেই সাফল্য
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি নেতৃত্ব দেন এবং নিজেও অংশ নেন তারেক রহমান। দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনী যুদ্ধে নেতৃত্ব দিয়ে নিরঙ্কুশ বিজয় এনে দিয়ে অবশেষে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

