Tuesday, November 10

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান–এর বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। এর আগে গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, দেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চলে আসছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে বলা হয়, প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত। তাই রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক।

এছাড়া নোটিশে উল্লেখ করা হয়, কোমলমতি শিক্ষার্থীরা সারাদিন ক্লাস ও যাতায়াতে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট পেতে পারে, যা ধর্মীয় চর্চায় অন্তরায় হতে পারে। পাশাপাশি রমজানে স্কুল খোলা থাকলে শহরে যানজট বাড়ার আশঙ্কার কথাও বলা হয়।

নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে আপাতত হাইকোর্টের নির্দেশ স্থগিত থাকছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 5