মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময় তাদের কমিটমেন্টে অটুট থাকে এবং ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকেই সঙ্গে নিয়ে সরকার গঠন করবে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি। ফ্যাসিস্টদের বিপক্ষে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব।”
বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, দলটি কখনো জনগণের আস্থা হারায়নি। “বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। জনগণ যখন বিএনপির কথাগুলো গ্রহণ করেছে, তখন এমন বিজয় এসেছে,” যোগ করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে। তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।”
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

