আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়ার ঘটনা নিয়ে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ভুল কাজ করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল।
নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, “এখানে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে না। উনি আইন অমান্য করেননি, বরং ভালো কাজ করছেন।”
তালা খোলার বিরোধিতা করা এক নেতার উদ্দেশে মাসুদ কামাল বলেন, “তারেক রহমান বলেছেন—বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।”
মাসুদ কামাল আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। খণ্ড খণ্ডভাবে ভাগ করলে প্রতিহিংসা আরও প্রতিহিংসার জন্ম দেয়।”
তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতিকে ঐক্যবদ্ধ করার আকাঙ্ক্ষা দেখে আমি আশাবাদী।”

