প্রতিষ্ঠার ৩৯ বছর পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে জয় পেল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটির প্রত্যাশিত জয় আসেনি তাদের সাংগঠনিক ঘাঁটি বরিশালে; একমাত্র জয়টি এসেছে দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে।
বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর পূর্ব তীরে অবস্থিত চরমোনাই ইউনিয়ন দলটির আঁতুড়ঘর হিসেবে পরিচিত। ১৯৮৭ সালে তৎকালীন পীর সৈয়দ ফজলুল করীম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেন, যা ২০০৮ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধিত হয়। তাঁর মৃত্যুর পর পীর পরিবারের সদস্যরা দলটির নেতৃত্ব দেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পীর পরিবারের তিন ভাই চারটি আসনে প্রার্থী হলেও কেউ জয়ী হতে পারেননি। বরিশাল-৫ আসনে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও জয় পাননি। বরিশাল-৬ আসনে তিনি তৃতীয় হন। অন্যদিকে বরিশাল-৪ আসনে সৈয়দ এছাহাক আবুল খায়ের এবং ঢাকা-৪ আসনে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীও পরাজিত হন।
চরমোনাই ইউনিয়নে ইসলামী আন্দোলন ঐতিহ্যগতভাবে শক্ত অবস্থানে থাকলেও এবারের নির্বাচনে একটি কেন্দ্রে হাতপাখা প্রতীক প্রত্যাশার তুলনায় কম ভোট পাওয়ায় আলোচনা তৈরি হয়েছে। রাজারচর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ এক হাজার ৭৬ ভোট পায়, বিপরীতে হাতপাখা পায় ৫৭৩ ভোট।
বরগুনায় চমক
দলের একমাত্র জয় আসে বরগুনা-1 আসনে। ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা মো. মাহমুদুল হোসাইন অলিউল্লাহ হাতপাখা প্রতীকে এক লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মোল্লা পান এক লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। চার হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এ জয়কে রাজনৈতিক মহলে চমক হিসেবে দেখা হচ্ছে।
স্বাধীনতার পর থেকে বরগুনা-১ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এবার আওয়ামী লীগ অংশ না নেওয়ায় বিএনপি শক্ত অবস্থান নেয়। সেই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের এই জয় তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকদের মত।
দলের সহকারী মহাসচিব এছাহাক আবুল খায়ের বলেন, ভোটাররা সাধারণত সম্ভাব্য ক্ষমতাসীন দল বিবেচনা করে ভোট দেন। ইসলামী আন্দোলনকে অনেকেই ‘তৃতীয় শক্তি’ হিসেবে দেখায় তাদের প্রার্থীরা পিছিয়ে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন।
প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এটিকে রাজনৈতিক অঙ্গনে নতুন সূচনা হিসেবে দেখছে।

