Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেন পুতুল।

বৃহস্পতিবার রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ফারজানা শারমিন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়।

এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিল না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসন পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল।

ভোটের ফলাফল জানার পর এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি বলেন, “এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সব মানুষের।” নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতা-কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Leave A Reply


Math Captcha
− 5 = 2