Tuesday, November 10

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশগ্রহণ করে এবং ২২০টি আসনে জয়লাভ করে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দলটি ১৪০টি আসনে জয়ী হয়।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৮৭টি আসনে জয় পায়। একই বছরের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দলটি ১১৬টি আসনে জয়লাভ করে। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৯৩টি আসনে বিজয়ী হয়।

এই ধারাবাহিকতার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন এক রেকর্ড গড়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় নির্বাচনেই তিনি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে গেছেন।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। পরে চিকিৎসার জন্য একই বছরের ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে যান। সাম্প্রতিক সময়ে তিনি মাতৃবিয়োগের শোকের মধ্যেই দলের নেতৃত্ব গ্রহণ করেন।

ত্রয়োদশ নির্বাচনে তিনি দুটি আসন—ঢাকা-১৭ ও বগুড়া-৬—থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়লাভ করেন। দলীয় নেতারা এটিকে তার রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।

দলীয় বক্তব্য অনুযায়ী, নির্বাচনে প্রতিপক্ষের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি বিজয় অর্জন করেছে। নির্বাচনি প্রচারে তারেক রহমান সারা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন এবং ৩১ দফা পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা রক্ষায় তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং অভিযোগের ভিত্তিতে কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি মানবিক সংগঠনের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে দল নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 31 = 33