Friday, November 6

ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুদারাঘাটে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এম এ কাইয়ুম দাবি করেন, এনসিপি নেতা নাহিদ ইসলামকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তাকে হারানো হয়েছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা না নিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলেও কিছু মহল নতুনভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার ভাষায়, যারা এজেন্ট দেওয়ার মতো লোকবল পায় না, তাদের বিপুলসংখ্যক ভোট পাওয়া প্রশ্নবিদ্ধ। তিনি প্রশাসনিক দুর্নীতি ও কুপ্রশাসনের অবসান দাবি করে বলেন, বাংলাদেশ থেকে ভোট কারচুপির সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।

কাইয়ুম অভিযোগ করেন, নির্বাচনের পরও বিভিন্ন স্থানে তার সমর্থকদের ওপর হামলা হয়েছে। তিনি বলেন, তারা ধৈর্য ধরতে চান, তবে মিথ্যাচার ও অত্যাচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাবেন। প্রতিটি কেন্দ্রে তারা এগিয়ে ছিলেন এবং তাদের পক্ষ থেকে কোনো পরিকল্পিত সহিংসতা হয়নি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, এই নির্বাচনেও কারচুপি ও ষড়যন্ত্র হয়েছে। জনগণের অধিকার হরণ করে নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে এম এ কাইয়ুম বলেন, অন্যায়ভাবে হামলা হলে আইনি জবাব দেওয়া হবে। তিনি দলীয় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তারা মানুষের জন্য কাজ করবেন এবং ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবেন।

Leave A Reply


Math Captcha
− 3 = 1