ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনে সুষ্পষ্টভাবে কারচুপি হয়েছে। অনেকগুলো আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এটা করা হয়েছে।”
তিনি দাবি করেন, “আওয়ামী আমলে যেভাবে নির্বাচন হতো, এখন সেই ধরনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। নির্বাচনের পরদিন সারা দেশে প্রতিপক্ষের ওপর হামলা ও এলাকাছাড়া করার ঘটনাও ঘটছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “এই নির্বাচনে দুটি পক্ষ ছিল—একটি সংস্কার ও বিচারের পক্ষে, আরেকটি পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। গণভোটে ‘হ্যাঁ’ বড় ব্যবধানে জয়ী হয়েছে। সে হিসেবে ১১ দলীয় জোটেরও জয়ী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

