জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন—জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। তাঁদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে ওই তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে কয়ড়া বাজারে নিয়ে যান এবং পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
প্রার্থীর অভিযোগ: ‘পরিকল্পিত ঘটনা’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ঘটনাটি পরিকল্পিত। তাঁর দাবি, যে স্থানীয় ব্যক্তি তাঁর কর্মীদের আটক করেছেন, তিনি আগেও তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় থানায় জিডি করা রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচনে এজেন্ট নিয়োগে বাধা দেওয়ার অভিযোগও করেন।
প্রশাসনের বক্তব্য
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে দণ্ড দেওয়া হয়েছে।

