Friday, November 6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে বিরাজ করছে ভোটের আমেজ। চার দিনের টানা ছুটি পেয়ে রাজধানী থেকে গ্রামের বাড়িতে ছুটে গেছেন লাখো মানুষ। ফলে অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা শহর।

বুধবার সকালে রাজধানীতে চিরচেনা যানজট ও ব্যস্ততার দৃশ্য দেখা যায়নি। সকাল পৌনে ১০টার দিকে প্রগতি সরণি এলাকায় সড়ক ছিল প্রায় ফাঁকা। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় রাস্তায় কোনো মোটরসাইকেল চোখে পড়েনি। বাসের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে কম।

মোহাম্মাদপুর থেকে যমুনা ফিউচার পার্কে আসা তাহরিমা আক্তার বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা অনেক কম। সিএনজি নিয়ে এসেছি। ভাড়া অন্যদিনের মতোই রয়েছে।’

সকাল ৮টার দিকে টঙ্গী থেকে প্রগতি সরণি আসা মুন্না নামের এক যাত্রী জানান, ‘বাস আছে, তবে তুলনায় অনেক কম। টঙ্গী থেকে ক্ষিলখেত পর্যন্ত যে বাসে এসেছি, তাতে মাত্র তিনজন যাত্রী ছিলেন।’

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে। শেষ কর্মদিবসেই অনেকেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে রওনা হন।

Leave A Reply


Math Captcha
58 − = 49