Tuesday, November 10

১১ বছরের শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমানের পাঁচ দিন এবং তার স্ত্রী বিথীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার অপর দুই আসামি গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ দিন এবং মোছা. সুফিয়া বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এদিন কারাগারে আটক শফিকুর রহমানসহ চারজনকে পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে, অপরদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গ্রেপ্তারের পর গত ২ ফেব্রুয়ারি শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়। পরে ৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ আবেদনের শুনানির জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে শফিকুর রহমানের বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর গোলাম মোস্তফাকে জানান, ওই বাসায় বাচ্চা দেখাশোনার জন্য একটি ছোট মেয়ে খোঁজা হচ্ছে। পরে মোস্তফার সঙ্গে তাদের কথা হয়। আসামিরা জানান, শিশুটিকে রাখলে তার বিয়ে সহ যাবতীয় খরচ তারা বহন করবেন। এতে সম্মত হয়ে গত বছরের জুন মাসে নিজের মেয়ে মোহনাকে ওই বাসায় কাজে দেন গোলাম মোস্তফা।

অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ গত বছরের ২ নভেম্বর মোহনাকে সুস্থ অবস্থায় দেখে আসেন তার বাবা। এরপর আর তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গত ৩১ জানুয়ারি বিথী মোস্তফাকে ফোন করে জানান, মোহনা অসুস্থ এবং তাকে নিয়ে যেতে বলেন।

পরে মোহনাকে আনতে গেলে সন্ধ্যা ৭টার দিকে গৃহকর্মী সাথী শিশুটিকে গোলাম মোস্তফার কাছে বুঝিয়ে দেন। এ সময় মোহনাকে দেখে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখা যায় এবং সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। কারণ জানতে চাইলে সাথী সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এরপর গোলাম মোস্তফা মোহনাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় মোহনা জানায়, গত ২ নভেম্বর বাবার সঙ্গে দেখা হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ অজ্ঞাতনামা আসামিরা তাকে মারধর করেন এবং খুন্তি আগুনে গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেন।

এ ঘটনায় শিশু গৃহকর্মীর বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

Leave A Reply


Math Captcha
+ 22 = 28