Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আগামী ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করে। বিভাগটি জানায়, নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি ধরা হলেও, এর আগেও শপথ অনুষ্ঠান হতে পারে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানেই ৫০ জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে—এমনটি নয়। সাধারণত মন্ত্রিসভায় যতজন সদস্য থাকেন, তার চেয়ে কিছু বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। কারণ অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি গাড়ি নিলেও কেউ কেউ তা গ্রহণ করেন না।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, সবচেয়ে দ্রুত সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে। তিনি বলেন, সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আহ্বান জানানো হবে, যা তিন দিনের মধ্যেই হতে পারে। সে ক্ষেত্রে ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, শপথ অনুষ্ঠান ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর গড়ানোর সম্ভাবনা কম।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave A Reply


Math Captcha
5 + 3 =