Friday, November 6

একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শিল্পাঞ্চলে টানা তিন দিনের ছুটি শুরু হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দিনে। এই সুযোগে ভোট দিতে ও পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ।

মঙ্গলবার সকাল থেকেই সাভারের ঢাকা–আরিচা মহাসড়ক ও নবীনগর–চন্দ্রা মহাসড়কে অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলঘেঁষা মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের ঢল নামে। তবে বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অভিযোগ উঠেছে, সুযোগ বুঝে বাসশ্রমিকরা দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর–চন্দ্রা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

বাইপাইল বাসস্ট্যান্ডে অপেক্ষারত এক পোশাকশ্রমিক বলেন, ‘ভোট দিতে বাড়ি যাব। আগে যেখানে ৩০০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ১ হাজার টাকা চাইছে।’
সাভার বাসস্ট্যান্ডে পরিবারসহ অপেক্ষারত পোশাক কারখানার সুপারভাইজার সুরুজ আলী বলেন, ‘ভোট দিতে বাড়ি যেতে চাই, কিন্তু বাস পাচ্ছি না। দ্বিগুণ ভাড়া দিতেও রাজি, তবু বাস মিলছে না।’

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, একসঙ্গে অনেক কারখানায় ছুটি হওয়ায় বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীর চাপ বেড়েছে। বাসের সংখ্যা কম থাকায় এবং যাত্রীরা সড়কের ওপর অবস্থান নেওয়ায় যান চলাচল কিছুটা ধীরগতির হয়েছে।

এদিকে গাজীপুরের চিত্রও প্রায় একই। মঙ্গলবার সকাল থেকেই গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, কোনাবাড়ী ও শ্রীপুর এলাকার শিল্পাঞ্চল থেকে হাজার হাজার মানুষ গ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন। ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় মাঝেমধ্যে যানজট তৈরি হচ্ছে। তবে যানবাহন ধীরে ধীরে চলাচল করছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন শ্রমজীবী মানুষ, যা ঘরমুখো যাত্রীর চাপ আরও বাড়িয়েছে।

Leave A Reply


Math Captcha
− 8 = 2