Saturday, April 18

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। শৃঙ্খলাজনিত কারণে দলের ব্যাটার মোহাম্মদ জোহাইবকে দেশে ফেরত পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সোমবার এক বিবৃতিতে ইসিবি জানায়, শৃঙ্খলাভঙ্গের ঘটনায় জোহাইবকে দল থেকে অব্যাহতি দিয়ে দেশে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করে সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে। ২০২২ সালের পর এটিই তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে দলের একজন শীর্ষ সারির ব্যাটারের বাদ পড়া আমিরাত দলে বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষ করে সম্প্রতি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইতালির বিপক্ষে মাত্র ৮১ রানে অলআউট হয়েছিল দলটি। ওই ম্যাচে নয় নম্বরে ব্যাট করেছিলেন জোহাইব। এর আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে নেমে তিনি ২৬ বলে ১৯ রান করেন।

গত বছরের মে মাসে জাতীয় দলে অভিষেক হওয়া মোহাম্মদ জোহাইব এখন পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০৩ রান করেছেন। তার গড় ২০.২০ এবং স্ট্রাইক রেট ১০৩.৭৬।

নিউজিল্যান্ড ম্যাচের আগে দলের প্রস্তুতি ও ঐক্য নিয়ে কথা বলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ সালে দুবাইয়ে এক টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল আমিরাত।

ওয়াসিম বলেন, ‘আমাদের কৌশল খুবই সহজ। আমরা আগে তাদের হারিয়েছি। তবে এবার ভেন্যু, টুর্নামেন্ট ও পরিস্থিতি ভিন্ন। তাই আমরা নতুন পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছি।’

দলে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের দলে ভারত-পাকিস্তান বলে কিছু নেই। আমরা সবাই সংযুক্ত আরব আমিরাতের জন্য খেলি। আমরা নিজেদের একটি পরিবারের মতো দেখি—একসঙ্গে থাকি, খাই এবং সময় কাটাই। এই দলে কোনো বিভাজন নেই।’

Leave A Reply


Math Captcha
− 3 = 2