Tuesday, November 10

কুষ্টিয়া, প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা দায়ের করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।

রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়। পরিদর্শনকালে মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি প্রতীয়মান হয়।

এ সময় আমির হামজার আইনজীবী তৌহিবুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ভুল স্বীকার করেন।

রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনো পুরোপুরি কার্যকর হয়নি। এসব ব্যানার ও পোস্টার এখনো অপসারণ করা হয়নি। বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’

আদালতের রায়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, ২০২৫-এ উল্লিখিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 17 = 27