Tuesday, November 10

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘অত্যন্ত দক্ষ লোক দিয়ে অর্থপাচার হয়েছে, তবু তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। নির্বাচিত সরকার সিরিয়াস হলে, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা সম্ভব।’

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যাংক খাতে আস্থা খানিকটা ফিরেছে, তবে তা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

ড. সালেহউদ্দিন জানান, উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে বাংলাদেশকে এমন অবস্থানে আনা হয়েছে, যেখান থেকে দেশ আরও দ্রুত গতিতে এগোবে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে। এতে কোনো আপত্তি থাকবে না।’

নিজের ভবিষ্যতের বিষয়ে তিনি জানান, পুনরায় সরকারের অংশ হওয়ার বিষয়ে এখনও কিছু জানা নেই, তবে শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার প্রস্তাব রয়েছে।

নিজের কর্মকাল মূল্যায়ন করে তিনি বলেন, ‘উপদেষ্টা হিসেবে নিজেকে ১০০-এ ৭০ নম্বর দেবো। অনেক কাজ করার ছিলো, কিন্তু সব করতে পারিনি। বিশেষ করে এনবিআর সংস্কার পুরোপুরি শেষ করতে পারিনি।’

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক আরও স্বাধীনতা চাচ্ছে। পাশাপাশি সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও পর্যালোচনা চলছে।’

প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘এ সেবা আর একক কোম্পানির হাতে থাকবে না, বিদ্যালয়গুলো নিজেরাই ঠিক করবে।’

Leave A Reply


Math Captcha
+ 83 = 88