ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল সংক্রান্ত বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জেল ও জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীর নাম সরকারি গেজেটে প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে—বিজয়ী ও পরাজিত উভয়কেই—সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী ব্যয়ের রিটার্ন (ফরম-২২) দাখিল করতে হবে।
যেসব প্রার্থী এজেন্ট নিয়োগ করেননি, তারা নিজেই এজেন্ট হিসেবে গণ্য হবেন এবং এফিডেভিটসহ নির্ধারিত ফরমে ব্যয়ের হিসাব জমা দিতে হবে। একই সঙ্গে রিটার্নের একটি অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো বাধ্যতামূলক।
কমিশন স্পষ্ট করেছে, নির্বাচনে বিজয়ী বা পরাজিত—সব প্রার্থীকে এই রিটার্ন দাখিল করতে হবে। এমনকি যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বা যাদের কোনো ধরনের ব্যয় হয়নি, তাদেরও শূন্য ব্যয় উল্লেখ করে নির্ধারিত ফরমে হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক।
শাস্তির বিষয়ে পরিপত্রে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৪৪গ অনুযায়ী নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করা বা আদেশ লঙ্ঘন করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে দোষী ব্যক্তি অনধিক সাত বছর এবং অন্যূন দুই বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।
রিটার্নিং অফিসারদের ভূমিকা প্রসঙ্গে পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনী ব্যয় সংক্রান্ত বিধান লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সরাসরি মামলা দায়ের করবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্বানুমতির প্রয়োজন হবে না। তবে অপরাধ সংঘটিত হওয়ার ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে।
স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের দাখিলকৃত ব্যয় বিবরণী ও সংশ্লিষ্ট দলিলপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। জনসাধারণ নির্ধারিত ১০০ টাকা ফি প্রদান সাপেক্ষে এসব নথি পরিদর্শন করতে পারবেন। এছাড়া প্রতি পৃষ্ঠা ১০০ টাকা ফি দিয়ে সত্যায়িত অনুলিপি সংগ্রহ করা যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় সব ফরম (২২, ২২ক, ২২খ ও ২২গ) ইতোমধ্যে রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি প্রার্থীর কাছে এসব ফরম পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গেজেট প্রকাশের ৩০ দিন পর সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যয়ের হিসাব দাখিল করেছেন কি না এবং যারা ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—সে বিষয়ে কমিশনকে অবহিত করতে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

