Tuesday, November 10

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা ও সংশয় ছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আয়োজিত একটি যৌথ নির্বাচনী মহড়া পরিদর্শন করেন তিনি।

মহাপরিচালক জানান, সরকারের নির্দেশনায় একটি অ্যাপস, ক্যামেরা ও ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে। সারা দেশের চরাঞ্চলে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে ২০০ জন কোস্ট গার্ড সদস্য দায়িত্ব পালন করছে। এ নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, উপকূলীয় এলাকার ভোটকেন্দ্রগুলোতে কোস্ট গার্ডের উপস্থিতির মাধ্যমে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এই আস্থার ভিত্তিতে আমরা উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে পারব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।

এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন মোতায়েন রয়েছে। এসব প্লাটুন স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী এবং নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালন করছে।

Leave A Reply


Math Captcha
40 − = 32