নিজস্ব প্রতিবেদক
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আজ সোমবার সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে আগামীকাল নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের পক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
নাহিদ ইসলাম বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার মতো কোনো আইন বা বিধি নির্বাচন কমিশন কোন জায়গা থেকে পেয়েছে, তা জনগণের জানা নেই। তিনি অভিযোগ করেন, কার পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
তিনি বলেন,
‘হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আজকের মধ্যেই—দিনের আলো থাকতে—এই বিধিনিষেধ পরিবর্তন করতে হবে। তা না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।’
উল্লেখ্য, রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ভেতরে ভোটাররা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যেও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়।
এই সিদ্ধান্তকে ভোট কারচুপির পথ প্রশস্ত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন,
‘নির্বাচনের দ্বারপ্রান্তে এসে মিডিয়াকে ব্ল্যাকআউট করা, মানুষের কণ্ঠস্বর ও তথ্য অধিকার হরণ করার কোনো আইন আমরা মানব না।’
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি আরও বলেন,
‘১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে, তবে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার থেকেও করুণ পরিণতি হবে এই কমিশনের।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন,
‘আপনারা আমাদের ভাই। আপনাদের ওপর দেশের আমানত। ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা করবেন।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন,
‘সব বেসরকারি গণমাধ্যমে একটি নির্দিষ্ট দলের বিজ্ঞাপন চলছে। টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতেই পারেন, কিন্তু একটি জোটের মার্কা প্রচার করে অন্যদের বাদ দেওয়া কি নৈতিক?’
তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে দেশের অধিকাংশ গণমাধ্যম অনিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে। আবারও একই পথে হাঁটলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ভোট দখলের চেষ্টা প্রতিহত করার ঘোষণাও দেন নাহিদ ইসলাম। তিনি বলেন,
‘১২ ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকবেন। ভোট দখলের চেষ্টা হলে তরুণ সমাজকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।’
তিনি আশা প্রকাশ করেন, ঢাকা–১৩ আসনে মোহাম্মদপুরের জনগণ ‘রিকশা’ প্রতীকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করবে।

