Tuesday, November 10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দল ও প্রার্থীদের জন্য আজ সোমবার কার্যত শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার মধ্যে সব ধরনের প্রচার কার্যক্রম শেষ করতে হবে। সে কারণে আজ রাতের প্রথম প্রহরকেই শেষ সুযোগ ধরে নিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে দল ও প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।

প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থেকে জানা গেছে, শেষ দিনে রাজধানী ও বিভিন্ন জেলায় মিছিল, গণসংযোগ ও নির্বাচনী সভায় সরগরম থাকবে মাঠ। নির্বাচন বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন, শেষ সময়ে দলগুলো সংযত আচরণ বজায় রাখবে এবং কোনো ধরনের অসহিষ্ণু পরিস্থিতি সৃষ্টি হবে না।

আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭সহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে মোট আটটি পথসভায় অংশ নেবেন। কর্মসূচি অনুযায়ী—

  • সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে,
  • দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে,
  • দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোডে,
  • দুপুর ২টায় ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে,
  • বিকেল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে,
  • বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন–দয়াগঞ্জ রোডে,
  • বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে এবং
  • সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে পথসভায় যোগ দেবেন তিনি।

এ ছাড়া রাত ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে তারেক রহমানের ভাষণ প্রচারের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও গণমিছিলে অংশ নিয়ে প্রচারণার সমাপ্তি টানতে পারেন। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বিটিভিতে তাঁর ভাষণ প্রচার হওয়ার কথা রয়েছে। দলটির অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত থাকবেন।

এদিকে গতকাল রোববার থেকে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন নির্বাচনী দায়িত্বে থাকবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৯ লাখ ৭০ হাজার ৯৪৮ জন নিরাপত্তা সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে রয়েছেন—

  • সেনাবাহিনীর ১ লাখ ৩ জন,
  • নৌবাহিনীর ৫ হাজার,
  • বিমানবাহিনীর ৩ হাজার ৭৩০,
  • বিজিবির ৩৭ হাজার ৪৫৩,
  • কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫,
  • পুলিশের ১ লাখ ৮৭ হাজার ৬০৩,
  • র‌্যাবের ৯ হাজার ৩৪৯ এবং
  • আনসার ও ভিডিপির ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন সদস্য।

এ ছাড়া বিএনসিসির ১ হাজার ৯২২ জন ক্যাডেট এবং ৪৫ হাজার ৮২০ জন গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) দায়িত্ব পালন করবেন। উপকূলীয় ১৭টি আসনের ২৪টি উপজেলা ও দুটি সিটি করপোরেশনে নৌবাহিনী মোতায়েন থাকবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী দায়িত্বে থাকবেন।

Leave A Reply


Math Captcha
− 2 = 8