Tuesday, November 10

লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ ভোট নিয়ে ধর্মীয় মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। নিজ এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, আর না দিলে গুনাহ হবে।”

এ সময় তিনি আরও দাবি করেন, ইসলামের ও কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটাররা সওয়াবের ভাগী হবেন। বিপরীতে কোরআনের বিরুদ্ধে ভোট দিলে তারা গুনাহগার হবেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তোলেন জামায়াত প্রার্থী।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, ভোটের সঙ্গে জান্নাত-গুনাহকে যুক্ত করা ধর্মের অপব্যবহার। ইমরান হোসেন শাকিল লিখেছেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত—নাউজুবিল্লাহ।” শাহ আলম সম্রাট বলেন, “জান্নাতের মালিকানা দাবি করা ভয়ংকর।”

অন্যদিকে মো. মাইন উদ্দীন লিখেছেন, “জান্নাতের টিকিট দিতে পারলে প্রথম ভোট আপনাকেই দেব।”

এদিকে লক্ষ্মীপুর-৪ আসনে মোট ৯ জন প্রার্থী থাকলেও সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন চারজন। তারা হলেন—

  • বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ),
  • জামায়াতের এ আর হাফিজ উল্যাহ (দাঁড়িপাল্লা),
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের খালেদ সাইফুল্লাহ (হাতপাখা),
  • বাসদের অ্যাডভোকেট মিলন মণ্ডল (মই)।

জামায়াত প্রার্থীর এই বক্তব্য নির্বাচনকালীন আচরণবিধি ও ধর্মীয় অনুভূতি ব্যবহারের প্রশ্নে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Leave A Reply


Math Captcha
4 + 5 =