জামায়াতকে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পর তার বিরুদ্ধে প্রতিপক্ষ দলের সাইবার বুলিং ও অনলাইন হেনস্তা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। এসব ঘটনার জন্য তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে দায়ী করেন।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে সাইবার বুলিং মোকাবেলায় পাড়া–মহল্লাভিত্তিক ‘এন্টি সাইবার বুলিং কমিটি’ গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, জামায়াতকে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালানোর কারণে তার বিরুদ্ধে প্রতিপক্ষ দলের পক্ষ থেকে নানাভাবে নোংরা মন্তব্য, কটূক্তি ও অনলাইন হ্যারাসমেন্ট বেড়েছে। তিনি দাবি করেন, তার প্রতি প্রতিটি হেনস্তা ও নোংরা মন্তব্যের জন্য তারেক রহমান ও তার কর্মীরা সমানভাবে দায়ী।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতৃত্ব তাদের সংগঠনকে ন্যূনতম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ এবং এ কারণেই রাজনৈতিক অঙ্গনে সহিংস ও নোংরা আচরণ বাড়ছে। রাজনীতিতে আসার পর থেকেই তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
ডা. মাহমুদা মিতু লেখেন, জোটে জামায়াতকে সমর্থন দেওয়ার পর আমার ওপর নোংরামি শতগুণ বেড়েছে। আমি আমার লড়াই বন্ধ করবো না। এদের সকল কুকর্মের বিরুদ্ধে আমার কণ্ঠস্বর আরও জোরালো হবে।
তিনি আরও বলেন, তার ওপর কোনো ধরনের হামলা, চরিত্র হনন বা অনলাইন অপপ্রচারের ঘটনা ঘটলে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এমনকি রাজনৈতিক অবস্থানের কারণে পরিচিত অনেকের আচরণও বদলে গেছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেত্রী।
এর আগে সাইবার বুলিং নিয়ে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি ছবি সংযুক্ত করেন। ওই পোস্টে তিনি লেখেন, রাজনীতিতে নারীদের বিরুদ্ধে প্রতিপক্ষের প্রধান অস্ত্র হলো চরিত্র হনন, নোংরা গালি, বিকৃত ছবি ও অপপ্রচার। তিনি উল্লেখ করেন, সাইবার বুলিংয়ের কারণে নারীদের আত্মহত্যার ঘটনাও ঘটেছে।
সাইবার বুলিং প্রতিরোধে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ডা. মাহমুদা মিতু বলেন, দায়িত্ব পেলে তিনি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হবেন। পাড়া-মহল্লাভিত্তিক এন্টি সাইবার বুলিং কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
তার ভাষায়, কোনো নারী যদি প্রমাণ দিতে পারে যে তাকে অনলাইনে নোংরা মন্তব্য বা হেনস্তা করা হয়েছে, আমি নিজেই তার প্রতিবাদের কণ্ঠস্বর হবো এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা করবো।
তিনি সবাইকে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আজ যে ব্যক্তি অনলাইনে বুলিং করার সাহস পায়, সেই মানসিকতা থেকেই ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম হতে পারে।

