Tuesday, November 10

ফরিদপুর, ৭ ফেব্রুয়ারি — ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুরে তল্লাশি চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ধারাল অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কসংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পাশের একটি পুকুরে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় পানির নিচে রাখা ছিল।

ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, নাশকতার উদ্দেশ্যে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখা হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্রের মাধ্যমে পুকুরের পানি অপসারণ করা হয়। তবে পানির পরিমাণ বেশি থাকায় পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহায়তায় জাল টেনে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, চারটি প্যাকেট ও বস্তার ভেতর থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—

  • চারটি বিদেশি পিস্তল,
  • দুটি সিঙ্গেল ব্যারেল পাইপগান,
  • ১৬ রাউন্ড পিস্তলের গুলি,
  • দুটি কার্তুজ,
  • বিভিন্ন আকারের ১০০টি ধারাল অস্ত্র,
  • আটটি চাইনিজ কুড়াল,
  • এবং শরকির ধারাল অংশ।

মেজর সোহেল আহমেদ আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে থানায় লুট হওয়া পুলিশের কোনো আগ্নেয়াস্ত্রের মিল পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল।

উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 3