Tuesday, November 10

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনকে আরও নিখুঁত করা—এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার বরাতে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেসসচিব এসব কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা দেশের সার্বিক নির্বাচন প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, কোথাও অভদ্র আচরণও দেখা যাচ্ছে না।

প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টা এ ধরনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রচারণাকে দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন হবে উৎসবমুখর ও নিরাপদ, যেখানে নারীসহ সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে পারবে।

প্রধান উপদেষ্টার বরাতে শফিকুল আলম আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচন প্রস্তুতির প্রতিটি ধাপ খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, আমরা খুশি। এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই প্রস্তুতিকে আরও নিখুঁত করা।

নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে প্রেসসচিব জানান, সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বে থাকা সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা সরবরাহ করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে প্রধান উপদেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়া ও খাগড়াছড়ির মাটিরাঙ্গার মতো দুর্গম এলাকার ভোটকেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন।

তিনি জানান, নির্বাচন সুরক্ষা অ্যাপ এখন পুরোপুরি চালু হয়েছে। এই অ্যাপটি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো ভোটকেন্দ্রে বা কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা দেখা দিলে অ্যাপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক বার্তা পৌঁছে যাবে। গত দুর্গাপূজায় ৩২ হাজার মণ্ডপে ব্যবহারের অভিজ্ঞতায় এই অ্যাপ কার্যকর প্রমাণিত হয়েছিল বলে জানান তিনি।

শফিকুল আলম আরও জানান, নির্বাচনে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে—

  • সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮০ হাজার ৮৮৫ জন,
  • বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন (১ হাজার ২১০ প্লাটুন),
  • পুলিশের ১ লাখ ৫৭ হাজার জন,
  • আনসারের ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন সদস্য।

প্রার্থীর হিসাব তুলে ধরে প্রেসসচিব বলেন, নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০) এবং পুরুষ প্রার্থী ১ হাজার ৯৪৬ জন।

এছাড়া নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক ও ৫০০ জন দেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কাভার করতে প্রায় ১ হাজার ২০০ বিদেশি সাংবাদিক বাংলাদেশে আসবেন। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই এবং দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রই গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 34 = 37