দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চাওয়ার রিট খারিজের আদেশের বিরুদ্ধে নাহিদ ইসলাম আপিল বিভাগে আবেদন করেছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার চেম্বার বিচারপতির আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা রিট খারিজ করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ ওই আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও জহিরুল ইসলাম মূসা। কাইয়ুমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
গত ২ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে রিট দায়ের করেন এবং কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে আবেদন করেন। এর আগে নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।

