পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই ঐক্যের নেতা-কর্মীরা। জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রায় অর্ধশত নেতা-কর্মী মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ রাখেন।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও শহীদের পরিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আন্দোলনকারীরা যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারসহ অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হন।
শাহবাগ থেকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ২০ জন আহত হন এবং তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরিস্থিতি বিবেচনা করে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা মোড় ছেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল স্বাভাবিক হয়।

