ঢাকা:
শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এ কর্মসূচিতে অংশ নেন।
ফাতিমা তাসনিম জুমা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অবস্থান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী।’
অবস্থান কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন,
‘নিরাপত্তা বিঘ্নের আশঙ্কা বিবেচনায় আমরা অল্প কয়েকজন এখানে এসেছি। চাইলে আমরা আরও অনেক মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদির স্ত্রীকে সঙ্গে নিয়ে এখানেই অবস্থান করব।’
তদন্তের বিষয়ে স্পষ্ট দাবি জানিয়ে তিনি আরও বলেন,
‘শহীদ হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না।’

