Friday, November 6

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রবেশমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলছিল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান শুরু করেন আন্দোলনকারীরা। পরে যমুনার প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সেখানেই টানা অবস্থান কর্মসূচি চলছে।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কয়েক শ ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

অবস্থান চলাকালে আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাদি ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

অবস্থানে থাকা শিক্ষার্থী সজিব হোসেন বলেন, ‘জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবিতে আমরা অবস্থান নিয়েছি। রাত পার হয়ে দিন এলেও সরকার আমাদের কোনো স্পষ্ট বার্তা দেয়নি। তারা বলছে, জাতিসংঘকে তদন্তের অনুরোধ করবে। কিন্তু আমরা সেই আবেদনের নথি দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকার জাতিসংঘে তদন্তের আবেদন করবে না এবং সেই নথি আমাদের সামনে উপস্থাপন করবে না, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, ‘হাদি হত্যার পর আমরা বারবার আন্দোলন করেছি। সরকার বিচার আশ্বাস দিলেও বাস্তবে কোনো বিচার হয়নি। পুলিশ তদন্তে খুনিদের চিহ্নিত করলেও মূল বিচারের কোনো অগ্রগতি নেই।’

তিনি আরও বলেন, ‘শুধু সরাসরি খুনিদের নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত ছিল এবং কার নির্দেশে এটি সংঘটিত হয়েছে—তা জানতে আমরা জাতিসংঘের অধীনে তদন্ত চাই।’

Leave A Reply


Math Captcha
21 − 15 =