Tuesday, November 10

সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। সরকার, নির্বাচন কমিশন, পুলিশ এবং সেনা, নৌ ও বিমান বাহিনী—সবাই নির্বাচন নিয়ে আন্তরিক। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।”

মঙ্গলবার গাজীপুর জেলা পরিদর্শনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজেকশন হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। কিছু অপরাধী থাকতে পারে, তবে সবাই এ ধরনের অপকর্ম করবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচনের দিন যারা র‌্যাগিং করবে বা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেবে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে। অপরাধ করলে আইনে যতটুকু শাস্তির বিধান আছে, ততটুকুই দেওয়া হবে।”

সভায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “দিন ও রাতে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। তাদের মধ্যে যেন সব সময় ভয় ও আশঙ্কা কাজ করে, সেই পরিবেশ বজায় রাখতে হবে। আমাদের সবার লক্ষ্য একটাই—সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন।”

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ জন্য সাধারণ ভোটারদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। মাঠে দায়িত্ব পালনকারী সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে—কেউ বসে থাকতে পারবে না।”

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলা পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইএসপিআর জানায়, তিন বাহিনীর প্রধান পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

গাজীপুর জেলা পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
43 − 39 =