ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশের মাটি আপনাদের স্বীকার করে না। আপনারা এ দেশে বসে বাংলাদেশের সংস্কৃতির ওপর আঙুল তোলেন এবং ইতিহাস বিকৃত করতে চান—এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরকে উদ্দেশ করে আবিদুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা রাজাকারের ভূমিকা পালন করেছে, সেই ‘সাদা শয়তানরা’ ৫৪ বছর পর আবারও বাংলাদেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তিনি বলেন, এই দেশের মাটিতে রাজনীতি করতে হলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই করতে হবে। ১৯৭১ ও ২০২৪—এই দুটি অধ্যায় বাংলাদেশের অস্তিত্বের অংশ, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম—এ নিয়ে যে অপসংস্কৃতি শুরু করা হয়েছে, তার জবাব দিতে তারা প্রস্তুত। আমরা ধৈর্য ধরেছি, কিন্তু তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান ও কটূক্তির সূচনা করেছে শিবিরের নেতাকর্মীরাই। এ ধরনের নোংরা রাজনীতি বাংলাদেশে চলবে না।
জুলাই বিপ্লবের দেড় বছর অতিক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে ছাত্রদল নেতা বলেন, আমরা যে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি, তা আবার ফিরে আসছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম আমরা। কিন্তু কেউ কেউ জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা পরিচয় দিয়ে নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যৎ রাজনীতিকে ধ্বংস করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নোংরা রাজনৈতিক সংস্কৃতির পথে একটি নির্দিষ্ট সংগঠন হাঁটছে এবং আমাদের উসকানি দিচ্ছে। তবে আমরা সেই পথে যাব না। আগামীর নির্বাচনের মধ্য দিয়েই দেশে সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনা হবে—ইনশাল্লাহ।
মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, অধ্যাপক ড. শরীফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

