Tuesday, November 10

বরিশালে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় জনসভা। বুধবার (সকাল ১১টা) নগরীর বেলস পার্কে আয়োজিত এই জনসভায় বরিশাল বিভাগের ছয় জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

জনসভা শুরুর পরপরই মঞ্চে বক্তব্য দিচ্ছেন স্থানীয় ও বিভাগীয় নেতারা। এখনো জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের চোখেমুখে উৎসবমুখর পরিবেশ ও আনন্দের ছাপ দেখা গেছে।

দুপুর ১২টায় বিএনপির চেয়ারম‌্যান তারেক রহমান জনসভার মঞ্চে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এরপর তিনি নেতাকর্মী ও সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম‌্যান তারেক রহমান বরিশালে আসছেন। এই জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘আমাদের দলীয় চেয়ারম‌্যান তারেক রহমান দুপুর ১২টায় মঞ্চে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে আসছেন, তাই বরিশালবাসীর অনেক চাওয়া-পাওয়া তার কাছে থাকবে—এটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘বরিশালের যে উন্নয়ন হয়েছে, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরেই হয়েছে। আজকের জনসভায় শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম‌্যানকে এক নজর দেখার জন্য।’

Leave A Reply


Math Captcha
+ 32 = 36