Tuesday, November 10

ভোটের মাঠে সামনে থাকে পুরুষ প্রার্থীর নাম, প্রতীক ও স্লোগান। তবে ঘরের ভেতরের দরজাটি খুলে দিচ্ছেন নারীরাই। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারে এমনই একটি চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন একদল নারী, যাদের কেউ সাবেক শিক্ষক, কেউ গৃহিণী, কেউবা ধর্মীয় তালিমের সঙ্গে যুক্ত।

এই নারী কর্মীরাই স্বীকার করছেন, তাদের প্রচার শুধু রাজনৈতিক নয়; এটি দাঁড়িয়ে রয়েছে সামাজিক সম্পর্ক ও ধর্মীয় বিশ্বাসের ওপর। পুরুষ কর্মীরা যেখানে ঘরের ভেতরে প্রবেশ করতে পারেন না, সেখানে নারী কর্মীরা সহজেই ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন। রান্নাঘর, উঠান কিংবা তালিমের আসর—এসব ব্যক্তিগত পরিসরই হয়ে উঠছে ভোটের ক্ষেত্র।

ধর্মীয় ভাষায় প্রচারণা

প্রচারণার ভাষা শুরু হয় ধর্মীয় পরিচয় দিয়ে। মুসলমান হিসেবে আরেক মুসলমানের কাছে ভোট চাওয়া হয় ইসলামের পক্ষে, কোরআনের আলোকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে। বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে এভাবেই বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন মোসাম্মদ নাসিমা খানম।

বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাসিন্দা নাসিমা খানম পেশাগত জীবনে একসময় শিক্ষকতা করেছেন। তিনি বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত পাঁচ মাস ধরে তিনি বিভিন্ন পাড়া-মহল্লা ও মাদরাসায় তালিমে অংশ নিচ্ছেন এবং পাশাপাশি ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন। তার প্রচারের মূল লক্ষ্য নারী ভোটাররা।

নাসিমা খানম বলেন, তিনি ভোটারদের বোঝান যে তারা ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে এসেছেন। তার ভাষায়, কোরআনের আইন প্রতিষ্ঠা মানে কোরআন নিয়ে গবেষণা ও কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা। এসব কথাই তিনি ভোটারদের কাছে তুলে ধরছেন।

তার দাবি, অনেক ভোটার এ বক্তব্যের সঙ্গে একমত হচ্ছেন এবং মুসলমান হিসেবে মুসলমানের পক্ষে ভোট দেওয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন।

‘বিশ্বাসযোগ্য মুখ’ হিসেবে নারীর ভূমিকা

নাসিমা খানম এলাকায় একটি বিশেষ সামাজিক অবস্থানে রয়েছেন। কারো মৃত্যু হলে গোসল করানোর দায়িত্বও পালন করেন তিনি। এই সামাজিক ভূমিকা এখন রাজনৈতিক পুঁজি হিসেবে কাজ করছে। নাসিমা বলেন, ‘আমি একটা কথা বললে মানুষ ভাবে, আপা বলছে মানে গুরুত্ব আছে।’

তার সঙ্গে আরও আট থেকে ১০ জন নারী প্রচারণায় যুক্ত হয়েছেন। তাদের বেশির ভাগই তালিমের সঙ্গে যুক্ত। কেউ কেউ সরাসরি জামায়াতের অনুসারী নন, তবে তাদের সন্তান নাসিমার কাছে কোরআন শেখে—এই সম্পর্ক থেকেই তারা প্রচারণায় অংশ নিচ্ছেন।

জামায়াতের নারী কর্মীদের প্রচার দলগতভাবে পরিচালিত হচ্ছে। দাড়িয়াল ইউনিয়নে নেতৃত্ব দিচ্ছেন পাপড়ি আক্তার। তিনি বলেন, ‘আমরা টিমওয়াইজ বের হই। ছয়জন বা কখনও ১০ জন। মূলত বোনদের কাছেই যাই।’

সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বী নারীদের বিষয়ে নুরুনিসা সিদ্দিকা বলেন, জিহাদ কোরআনের পরিভাষা এবং এটি মুসলমানদের জন্য প্রযোজ্য। অমুসলিমদের ক্ষেত্রে দাওয়াত উপস্থাপন করা হয় বলে তিনি দাবি করেন।

প্রার্থীর অস্বীকার

বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী। তিনি বলেন, এসব অভিযোগ প্রতিপক্ষের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা।

তার ভাষায়, ‘ভোট চাওয়ার অধিকার সবারই রয়েছে। জামায়াতের কর্মীরাও সেই অধিকার অনুযায়ী মানুষের কাছে যাচ্ছেন। তবে আল্লাহর দোহাই দিয়ে বা জান্নাত পাওয়ার কথা বলে ভোট চাওয়ার অভিযোগ বাস্তবতার সঙ্গে মিল নেই।’ তিনি দাবি করেন, নারী কর্মীরা স্বাভাবিকভাবেই মা-বোনদের কাছে যাচ্ছেন।

বিশ্লেষকদের মন্তব্য

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক রফিকুল আলম বলেন, প্রার্থীরা সাধারণত নিজেদের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকেন। তৃণমূল পর্যায়ের কর্মীরা যা বলেন, সেটিকে অনেক সময় ব্যক্তিগত উদ্যোগ হিসেবে এড়িয়ে যাওয়া হয়। এতে দলও বাঁচে, প্রচারও হয়।

তার মতে, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন নারীরাই। সামাজিক সম্পর্ক, ধর্মীয় দায় ও রাজনৈতিক প্রচারের বোঝা—সব মিলিয়ে তারা হয়ে উঠছেন এই রাজনৈতিক ব্যবস্থার নীরব ও অদৃশ্য কর্মী।

Leave A Reply


Math Captcha
18 + = 26