জামায়াতে ইসলামীর আমিরকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কয়দিন পর হয়তো আপনারা বলবেন গোলাম আজমই ছিলেন স্বাধীনতার ঘোষক। এ কথাও আপনারা বলতে পারেন। কারণ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছুপা হন না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পাকিস্তানি বাহিনী যখন আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, তখন আপনারা সেই নির্যাতনকে নির্যাতন বলতেও রাজি হননি। বরং সেই বর্বরতাকে সমর্থন করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আজ কোন মুখে, কোন উদ্দেশ্য নিয়ে আপনারা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলছেন? কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজমই ছিলেন স্বাধীনতার ঘোষক—এ কথাও আপনারা বলতে পারেন। কারণ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছপা হন না।
তিনি বলেন, জামায়াতের আমির নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন, তাতে সারা দেশের নারী সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে। সেই ক্ষোভ আড়াল করতেই এখন স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। কিন্তু প্রতিষ্ঠিত সত্যকে বিতর্কিত করে সত্য আড়াল করা যাবে না।
বিএনপির এই নেতা বলেন, আপনারা ১৯৮৬ সালে ঘোষণা দিয়েছিলেন এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না। শেখ হাসিনাও তখন বলেছিলেন, যারা যাবে তারা জাতীয় বেইমান। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই শেখ হাসিনা নির্বাচনে গেছেন, জামায়াতে ইসলামও নির্বাচনে গেছে। জনগণের সঙ্গে করা ওয়াদা আপনারা নিজেরাই ভঙ্গ করেছেন।
রিজভী বলেন, সে সময় বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি। তিনি নয় বছর ধরে আন্দোলন করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দি থেকেছেন—তবুও নিজের অবস্থান থেকে সরে যাননি। সত্যের মুখোশ একসময় খুলে পড়ে। আজ নারীদের বিষয়ে দেওয়া বক্তব্যের মধ্য দিয়েই জামায়াতের আসল চরিত্র প্রকাশ পেতে শুরু করেছে।
তিনি বলেন, গতকাল চট্টগ্রামে জামায়াতের আমির যাকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, তিনি নিজেও কখনো এমন দাবি করেননি। প্রকৃত স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একজন মেজর হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। যিনি তার সহকারী হিসেবে কাজ করেছেন, তিনিও নিজের লেখায় বারবার অত্যন্ত সম্মানের সঙ্গে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছেন।
রিজভী প্রশ্ন তুলে বলেন, এখন রাজনৈতিক স্বার্থে এসব কথা বললে মানুষ কি তা গ্রহণ করবে? তিনি তো কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি। এমনকি জিয়াউর রহমান দল গঠন করার সময়ও তিনি তার সহকারী হিসেবেই ছিলেন। এসব তথ্য তার প্রকাশিত বইয়েও রয়েছে।
তিনি অভিযোগ করেন, কেউ কেউ ইসলামের নামে রাজনীতি ও ব্যবসা করে ফায়দা লুটতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা হয়। অথচ এ দেশের মুসলমানরা ইসলামকে ব্যবসার বস্তু নয়, জীবনাচরণের আদর্শ হিসেবে ধারণ করে। আলেম-ওলামাদের দায়িত্ব ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা, কিন্তু ধর্মের নামে মুনাফেকি করলে সমাজে পাপ ও বিভ্রান্তি বাড়ে।
রিজভী বলেন, প্রকৃত মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুনাফেকি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার মুনাফেকদের সম্পর্কে সতর্ক করেছেন। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে যদি মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিতে হয়, তাহলে সেটি ইসলামের সঙ্গেই বিশ্বাসঘাতকতা।
নারীদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। ইসলামের প্রথম বাণী গ্রহণকারী ছিলেন একজন নারী—হযরত বিবি খাদিজা (রা.)। মায়ের কাছ থেকেই সন্তানরা প্রথম নামাজ ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। অথচ আজ নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ভাষা ব্যবহার করা হচ্ছে। এতে সারা দেশে নারীরা ক্ষোভে ফেটে পড়েছেন।
তিনি বলেন, এই ক্ষোভ ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে আনা হচ্ছে। কিন্তু এই কৌশল সফল হবে না। নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যের দায় কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

