জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলাম এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। নারী-পুরুষ সবাই সমান অধিকার নিয়ে এই বাংলাদেশে বসবাস করবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। নারী-পুরুষের সমান অধিকার রয়েছে। ইসলাম ধর্মেও নারীদের ন্যায্য অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু জামায়াত এসব বিষয়ে মানুষকে ভুল বোঝায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমরা এসব ভুল কথা চাই না। আমরা চাই মানুষ সত্য কথা নিয়ে সঠিক পথে এগিয়ে যাক।’
জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘পত্রিকায় দেখেছি—আমি জানি না সত্য না মিথ্যা—জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে বলা হচ্ছে। সেখানে নারীদের নিয়ে খারাপ মন্তব্য করা হয়েছে বলে শুনেছি। যদি সত্যিই নারীদের বিরুদ্ধে এমন কথা বলা হয়ে থাকে, তাহলে সেটা অন্যায়।’
তিনি আরও বলেন, ‘নারীদের নিয়ে খারাপ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীরা কখনোই এটি মেনে নেবে না।’
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘জামায়াতে ইসলামী নারীদের কাজ করতে দিতে চায় না। তারা বলে নারীরা ঘরে থাকবে, বাইরে কাজ করবে না। গার্মেন্টসে যারা কাজ করে, তাদের নাকি পাঁচ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। কাজ না করলে তারা খাবে কী?’
সভা শেষে তিনি উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কাজ করার আহ্বান জানান।

