Tuesday, November 10

একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির খুন-জুলুম ও স্বৈরদস্যুতন্ত্র থেকে সব মানুষের জীবন, সব ধর্ম এবং রাষ্ট্র রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহারের মূল দিকদর্শন—এমনটাই জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশকে কেন্দ্র করে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীদের অংশগ্রহণে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীরা বলেন, সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতেই ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতির কথা বলছে। এই রাজনীতির লক্ষ্য হলো—সব ধর্ম, সব মত ও পথের মানুষের জন্য সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে খুন, সন্ত্রাস, অন্যায়, অবিচার, দুর্নীতি ও দারিদ্রমুক্ত একটি অসাম্প্রদায়িক, আধুনিক ও শান্তিময় মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

নেতৃবৃন্দ বলেন, জীবন, ধর্ম, রাষ্ট্র, গণতন্ত্র, অর্থনীতি ও মানবাধিকারের বর্তমান সংকট মূলত একটি রাজনৈতিক সংকট। একদিকে ধর্মের নামে ধর্মের মৌলিক মানবিক শিক্ষা-বিরোধী উগ্রবাদী ও জঙ্গিবাদী রাজনীতি, অন্যদিকে বস্তুবাদী জাতীয়তাবাদের নামে গড়ে ওঠা একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি—এই দুই ধারাই সমাজ ও রাষ্ট্রের সংকটের মূল কারণ।

তাঁরা আরও বলেন, একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতির পরিণতি হলো একক গোষ্ঠীর স্বৈররাষ্ট্রব্যবস্থা। এই ব্যবস্থায় ক্ষমতাসীনদের বাইরে সবার জীবন, ধর্ম, মত-পথ, অধিকার, স্বাধীনতা ও জীবিকা রুদ্ধ হয়ে পড়ে। এর ফল হিসেবে দেখা দেয় খুন-জুলুম, ধ্বংসযজ্ঞ, রাষ্ট্রীয় সন্ত্রাস, দলীয়করণ, দুর্নীতি, জবরদখল, মিথ্যা মামলা ও স্বৈরদস্যুতা।

ইনসানিয়াত বিপ্লবের নেতারা বলেন, ইতিহাসের বিভিন্ন যুগে সব মানুষের মালিকানাভিত্তিক ও প্রতিনিধিত্বশীল মানবতার রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়ায় মানবতাবিরোধী স্বৈররাজনীতি বারবার জীবন, ধর্ম ও রাষ্ট্রকে সংকট ও ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। চলমান এই অন্ধকার ও বিনাশী বাস্তবতা থেকে মুক্তির একমাত্র পথ হলো মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি প্রতিষ্ঠা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর
চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী আল্লামা আবু তালেব সারতাজ,
চট্টগ্রাম-৮ আসনের এমদাদুল হক,
চট্টগ্রাম-১৪ আসনের এইচ এম ইলিয়াছ,
চট্টগ্রাম-৯ আসনের শেখ নঈম উদ্দিন,
চট্টগ্রাম-১১ আসনের এম আজিজ মিয়া,
চট্টগ্রাম-১০ আসনের সাবিনা খাতুন,
চট্টগ্রাম-১৩ আসনের আল্লামা রেজাউল কাওসার এবং
চট্টগ্রাম-১ আসনের রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে দলীয় নির্বাচনী ইশতেহার পাঠ করেন আল্লামা রেজাউল কাওসার।

Leave A Reply


Math Captcha
14 + = 15