Tuesday, November 10

পটুয়াখালী প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংসদীয় আসন-১১৩ পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) এর অস্থায়ী কার্যালয়—দশমিনা, পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য (সিভিল জজ, বরিশাল) সাব্বির মো. খালিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নুরুল হক নূরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(ক) এবং ১৬(গ), (ছ) বিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয়।

নির্বাচনী অফিস ভাঙচুর ও সহিংসতার অভিযোগ

নোটিশে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরুল হক নূরের অনুসারী কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালান এবং তার কর্মী-সমর্থকদের আহত করেন। এ ঘটনাকে আচরণবিধিমালার ৬ (ক) বিধির পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিতে নির্দেশ

এসব অভিযোগের প্রেক্ষিতে কেন নুরুল হক নূরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না—সে বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কারণ দর্শানোর নোটিশটি দ্রুত জারি করে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠানোর জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নুরুল হক নূরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক প্রেক্ষাপট

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. হাসান মামুন। তবে জোটগত সমঝোতার কারণে নুরুল হক নূর প্রার্থী হওয়ায় বিএনপি এ আসনে আলাদা প্রার্থী দেয়নি। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠে অটল থাকেন হাসান মামুন।

নুরুল হক নূরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় মো. হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। স্থানীয় বিএনপির একটি অংশ তার সমর্থক বলে জানা গেছে। এ অবস্থায় গত শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, নুরুল হক নূরের পক্ষে কাজ না করায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বর্তমানে আসনটিতে নুরুল হক নূর ‘ট্রাক’ প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার শুরু থেকেই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন দুই প্রার্থী। এর আগে গত ২৭ জানুয়ারি রাতে নিজেদের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাতেও উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে।

Leave A Reply


Math Captcha
3 + 2 =