Tuesday, November 10

ঠাকুরগাঁও, ২৯ জানুয়ারি:
নির্বাচনী প্রতিপক্ষকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, তা দেশবাসী জানে। বাড়িঘর পোড়ানো, সম্পদ লুট—সবই হয়েছে। সেই সময় পাকিস্তানি বাহিনীকে কারা সহযোগিতা করেছিল, সেটাও আমরা জানি। তাই ভোট চাইবার আগে একাত্তরের জন্য মাফ চান।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের চণ্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “হাসিনার শাসনামলে আমরা কাজ করতে পারিনি। পালানোর পর উন্নয়নের কথা বলা হচ্ছে। আগে ১০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলা হচ্ছে। কিন্তু প্রকৃত উন্নয়ন তখনই হবে, যখন মানুষের কর্মসংস্থান হবে।”

তিনি আরও বলেন, “কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।”

বিএনপি মহাসচিব বলেন, “আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত না নিলে দেশ আবার ভুল পথে যাবে। বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
তিনি অভিযোগ করেন, “তারেক রহমানকে ১৮ বছর দেশে আসতে দেওয়া হয়নি। যেদিন তিনি দেশে ফিরলেন, সেদিন মানুষের ঢল নেমেছিল।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এই দেশে নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।”

সমাবেশে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, “আমাদের পরিকল্পনা হচ্ছে জনগণের উন্নয়ন। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে ন্যায্যমূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়া যায়। কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড—যার মাধ্যমে সার ও বীজ নিশ্চিত করা হবে। পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”

Leave A Reply


Math Captcha
7 + 2 =