নওগাঁ:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমার সামনে এত তাফালিং করে লাভ নেই। ভোটের দিন দেখাতে হবে। ভোটের দিন জয়যুক্ত হয়ে দেখাতে হবে, তখনই বুঝব এই শক্তি কতটা।” তিনি বলেন, এই শক্তিকে ভোটের দিন বাস্তবে প্রমাণ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁয় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমি আমার পরিকল্পনার কথা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা হলো ১২ তারিখে বিএনপিকে জয়ী করা।”
দাবি নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, “এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি। এত দাবি থাকলে গত ১৭ বছরে কী হলো? এই সময়ের মধ্যে কি কোনো উন্নয়ন হয়নি?” তিনি বলেন, “আমরা যেহেতু এই দেশেই থাকব, কাজেই আমাদেরই এই দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে হুট করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা আমাদের নেই।”
বক্তব্যের শুরুতে তিনি নওগাঁ জেলার আটজন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “এই প্রার্থীরা নির্বাচিত হয়েই এলাকার কাজ করবেন। তাই আপনাদের এলাকার দাবি ও সমস্যাগুলো যারা দেখবে, তাদেরই আপনারা নির্বাচিত করবেন।”
নওগাঁর কৃষি গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, “এই জেলা দেশের ধানের ভাণ্ডার। এখানে বছরে তিনটি ধান উৎপাদন হয়, যার সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বরেন্দ্র প্রকল্প চালুর মাধ্যমে।”
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই বক্তব্য নির্বাচনী মাঠে দলীয় নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে।

