বেশ কয়েক মাস ধরে সহনীয় পর্যায়ে থাকা মুরগির বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। রোজার মাসের প্রায় এক মাস আগেই দাম বাড়তে শুরু করে, আর গত দুই সপ্তাহে কেজিতে বেড়েছে প্রায় ১৫ থেকে ২০ টাকা। একই সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে পোলাও চালের দামও। তবে ছোলা ও কয়েক ধরনের ডালের দাম কমার পাশাপাশি সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী ও নাখালপাড়া বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা। অর্থাৎ কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। একইভাবে সোনালি জাতের মুরগির দামও বেড়েছে। এখন এ জাতের মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ৩০০ টাকায়, যা আগে ছিল ২৬০ থেকে ২৮০ টাকা।
মুরগির দাম বাড়লেও ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি ডিমের প্রতি ডজন বিক্রি হচ্ছে প্রায় ১১০ টাকা এবং সাদা ডিমের ডজন ১০০ টাকায়। এ ছাড়া গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকার মধ্যে।
রোজা আসতে এখনও তিন সপ্তাহের মতো সময় বাকি থাকলেও এরই মধ্যে পোলাও চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে খোলা পোলাও চালের কেজি বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকায়। প্যাকেটজাত বিভিন্ন ব্র্যান্ডের চালের দাম আরও বেশি; ব্র্যান্ডভেদে কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
তবে সরু বা মিনিকেট চালের দাম আগের মতোই চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। বিপরীতে মাঝারি ও মোটা চালের দাম কিছুটা কমেছে। বাজারে মোটা চালের কেজি পাওয়া যাচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায় এবং মাঝারি মানের চাল ৫৫ থেকে ৫৬ টাকায়।
কারওয়ান বাজারের মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী শাহজাহান তালুকদার বলেন, গত এক মাস ধরে পোলাও চালের বাজার চড়া রয়েছে। প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম বেড়েছে ৮০০ থেকে এক হাজার টাকা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। একইভাবে প্যাকেটজাত চালের দামও খুচরা পর্যায়ে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। তবে মোটা ও মাঝারি চালের কেজিতে এক মাসের ব্যবধানে দুই থেকে তিন টাকা কমেছে।
এদিকে গত ১৫–২০ দিন ধরে ছোলাসহ কয়েক ধরনের ডালের দাম বাড়লেও চলতি সপ্তাহে তা কিছুটা কমেছে। দুই সপ্তাহ আগে ছোলার কেজি ছিল ৮০ থেকে ৮৫ টাকা। পরে তা বেড়ে ৯০ থেকে ৯৫ টাকায় উঠলেও বর্তমানে আবার আগের দরে নেমে এসেছে। ছোলার ডালের দাম অপরিবর্তিত রয়েছে; কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। একইভাবে অ্যাংকর ডালের দাম কেজিতে পাঁচ টাকা কমে ৫৫ থেকে ৫৬ টাকায় দাঁড়িয়েছে। বড় দানার মসুর ডালের দামও কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমে বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
মহাখালী কাঁচাবাজারের মাসুমা স্টোরের স্বত্বাধিকারী আল-আমীন বলেন, ‘রোজার আগে ছোলা ও ডালের দাম সাধারণত বাড়ে। পরে বিক্রি কমে গেলে দাম আবার কিছুটা কমে আসে।’
সবজির বাজারেও স্বস্তির ইঙ্গিত মিলেছে। শীতের বেশির ভাগ সবজি এখন কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নতুন আলুর কেজি গত সপ্তাহে যেখানে ২৫ থেকে ৩০ টাকা ছিল, এখন তা নেমে এসেছে ২০ থেকে ২৫ টাকায়। মান ও জাতভেদে শিম ৪০ থেকে ৫০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা এবং বেগুন ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব সবজির কেজিতে অন্তত ১০ টাকা বেশি দিতে হয়েছিল।
বরবটির দাম তুলনামূলক বেশি; কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। টমেটোর দাম আরও কমে কেজিতে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে। আকারভেদে ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৩৫ টাকা এবং মুলা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ইলিশের দাম আগের মতোই চড়া। ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকায়। আকারভেদে রুই ও কাতলার কেজি ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে। তেলাপিয়া ও চাষের কই মাছের কেজি ২০০ থেকে ২৪০ টাকা এবং পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চিংড়ির দাম বেশি; আকার ও জাতভেদে কেজিপ্রতি ৫৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

