দেশের ছয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় পড়েছেন প্রায় ৪৫০ কর্মকর্তা-কর্মচারী। বয়স ও সামাজিক বাস্তবতার কারণে নতুন চাকরি পাওয়া কঠিন হবে—এই আশঙ্কায় ক্ষুব্ধ কর্মকর্তারা প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে আর্থিক সহায়তা ও সময় দিলে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং অবসায়নের পথে যাচ্ছে। তবে ইন্টারন্যাশনাল লিজিং কর্তৃপক্ষ দাবি করেছে, পর্যাপ্ত সময় ও সহায়তা পেলে প্রতিষ্ঠানটি পুনরুদ্ধার সম্ভব। এ দাবির পক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করছে প্রতিষ্ঠানটি।
বার্ষিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ছয়টি প্রতিষ্ঠানে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা সাড়ে ৪০০ জনের বেশি। এর মধ্যে অ্যাভিভা ফাইন্যান্সে ২০৪ জন, প্রিমিয়ার লিজিংয়ে ৮০ জন, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫৪ জন, পিপলস লিজিংয়ে ৩৯ জন, ফাস ফাইন্যান্সে ৩৮ জন এবং ফারইস্ট ফাইন্যান্সে ৩০ জন কর্মরত রয়েছেন।
গতকাল বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন ধরে আমানত ফেরত দিতে না পারায় এসব প্রতিষ্ঠানের অফিসে গ্রাহকের উপস্থিতি খুবই কম। দিলকুশায় অবস্থিত ইন্টারন্যাশনাল লিজিং এবং মতিঝিলে অ্যাভিভা ফাইন্যান্সের কার্যালয়ে কার্যত অচলাবস্থা বিরাজ করছে। গ্রাহকদের অভিযোগ, বছরের পর বছর ধরে তাঁদের টাকা আটকে আছে। এখন কেবল আসল টাকা ফেরত পাওয়ার আশায় দৌড়ঝাঁপ করছেন তাঁরা।
অ্যাভিভা ফাইন্যান্সের গ্রাহক রাশেদুল করিম বলেন, ‘দুই বছর আগে ১২ শতাংশ সুদে আড়াই লাখ টাকা রেখেছিলাম। এখন আর তুলতে পারছি না। আজ (বুধবার) এসেছিলাম যেন প্রায়োরিটি লিস্টে আগে থাকা যায়। শুনেছি বাংলাদেশ ব্যাংক অ্যাভিভা ফাইন্যান্স দেউলিয়া ঘোষণা করেছে। এখন নাকি শুধু আসল টাকা দেওয়া হবে, কোনো সুদ নয়।’
ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল ইসলাম অভিযোগ করেন, অবসায়নের মাধ্যমে বড় ঋণখেলাপিরা দায় এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁর ভাষায়, শুধু আমানত ফেরত দিলেই দায়িত্ব শেষ হয় না; ঋণ আদায় ও দায়ীদের আইনের আওতায় আনা না হলে প্রকৃত সংস্কার সম্ভব নয়।
তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে। কিন্তু আমাদের বক্তব্য না শুনেই ইন্টারন্যাশনাল লিজিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় ও সুযোগ দিলে আমরা সব আমানতকারীর টাকাই ফেরত দিতে পারব।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ছয় প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কিভাবে এবং কত সময়ের মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
উল্লেখ্য, উচ্চ খেলাপি ঋণ, দীর্ঘদিনের অনিয়ম এবং আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় গত বছর ২০টি এনবিএফআইকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। মূল্যায়নে ৯টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার পরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় অবসায়নের উদ্যোগ নেওয়া হয়। এসব প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার ৭৫ থেকে ৯৮ শতাংশে পৌঁছেছে।
এ ছাড়া জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসিকে তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে এসব প্রতিষ্ঠানকেও অবসায়নের আওতায় আনার সিদ্ধান্ত রয়েছে।

