Tuesday, November 10

নির্বাচন ইস্যুতে সব রাজনৈতিক দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

বর্তমান ভোটের পরিবেশ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন,
‘প্রথম কথা হচ্ছে—নির্বাচনের পরিবেশ তো স্বাভাবিকভাবেই উত্তেজনাপূর্ণ হবে। এক দল আরেক দলকে হারানোর চেষ্টা করবে, সবাই জয়ের চেষ্টা করবে। যে দল জিততে চায়, সে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে—এটা খুবই স্বাভাবিক।’

তবে তিনি বলেন,
‘কোনো কোনো জায়গায় ভদ্রতা ও সভ্যতার সীমা রাখা হচ্ছে না। সে জন্যই সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন,
‘যদি কোনো পরিস্থিতি আইন-শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায়, তখন সেটি সরকারের দায়িত্ব। তার আগে কে কার জনসভায় কী বলল বা না বলল, সেটি সরকারের দায়িত্ব নয়।’

ভোট নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের মন্তব্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন,
‘নির্বাচন সম্পূর্ণভাবে একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার সুযোগ নেই। বিশ্লেষণ থাকতে পারে, তবে কে জিতবে—জেতার আগেই এমন মন্তব্য করলে তা বস্তুনিষ্ঠ থাকে না।’

ভোটের পরিবেশ নষ্ট হলে আওয়ামী লীগকে দায়ী করা হবে—সরকারের এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন,
‘ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা আওয়ামী লীগ করেনি—এটা ঠিক কথা নয়। যেদিন নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, সেদিনই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা নিজেরাও এর ভুক্তভোগী হয়েছি।’

তিনি আরও বলেন,
‘পতিত স্বৈরাচারের কোনো শক্তি যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, সরকার তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে প্রস্তুতি আরও বাড়ানো হবে।’

ডিসিদের গণভোট নিয়ে প্রচারণা না থাকার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন,
‘আমরা উপদেষ্টারা দেশের ৬৪ জেলায় গিয়ে সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। গণভোট কেন হচ্ছে এবং এতে কী বিষয় অন্তর্ভুক্ত—তা বোঝানো হয়েছে।’

তিনি বলেন, নির্বাচনের প্রচারণা শুরু হয়ে যাওয়ায় এখন আর উপদেষ্টারা মাঠে যাচ্ছেন না। তবে গণভোটের পক্ষে প্রস্তুতকৃত উপকরণ বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,
‘ডিসিদের কাজ হচ্ছে জনগণকে জানানো যে ১২ তারিখে সাধারণ ভোটের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে। এর বেশি কিছু করার কথা নয়।’

ভোটের পরিবেশ নিয়ে মানুষের মধ্যে ভয়ের কথা অস্বীকার করে রিজওয়ানা হাসান বলেন,
‘আমি কোনো জায়গায় কাউকে বলতে শুনিনি যে ভোট দিতে তার ভয় লাগছে। বরং আমরা সব জায়গায় নির্বাচনের আমেজ দেখেছি।’

তিনি আরও বলেন,
‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন বক্তব্য দিয়ে ভয়ের আবহ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপচেষ্টা রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

Leave A Reply


Math Captcha
+ 21 = 25