Friday, November 6

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস যদি তাকে উসকানি দিয়ে ঝগড়ায় জড়াতে চান, তবে তা সফল হবে না।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
‘মির্জা আব্বাস সাহেব যদি আমাকে উসকানি দিয়ে ঝগড়ায় জড়াতে চান, আমি শুধু এটুকু বলতে চাই—আমি ভদ্র মানুষ। আমার ধৈর্যের বাঁধ সহজে ভাঙবেন না। আপনার গুন্ডা বাহিনী দিয়ে নাসিরকে পিছিয়ে দেওয়া যাবে—এটা ভুল ধারণা।’

তিনি আরও বলেন,
‘ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস এমপি হলে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। কিন্তু তিনি কি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবেন? তিনি কি দুর্নীতি বন্ধ করতে পারবেন?’

মির্জা আব্বাসকে ঘিরে গুরুতর অভিযোগ তুলে ধরে এনসিপির এই প্রার্থী বলেন,
‘আমি মিডিয়ার সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি—বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাংকিং করা হয়, তাহলে মির্জা আব্বাস হবেন অন্যতম গডফাদার ক্রিমিনাল। আজ আমি বেঁচে আছি বলেই কথাগুলো বলছি, মৃত্যুর পর প্রমাণ পাবেন—বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস।’

গতকালের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
‘গতকাল আমাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা প্রমাণ করে তিনি একজন ভয়ংকর ক্রিমিনাল।’

নিজের অবস্থান ব্যাখ্যা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
‘আমার বিরুদ্ধে কোথাও চাঁদাবাজির অভিযোগ নেই। অথচ নিয়ম থাকার পরও ইলেকশন কমিশন ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিচ্ছে। এটা কেমন নির্বাচন কমিশন?’

তিনি আরও বলেন,
‘আমাদের জীবন এখন বোনাস লাইফ। গতকাল মেরেছেন, মার সহ্য করেছি। মির্জা আব্বাসের আমলনামা বাংলাদেশের মানুষ জানে। একজন চোর-বাটপার যদি নিজেকে ভদ্র মানুষ বলে, তাহলে আমরা কোন সমাজে বাস করছি?’

শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
‘আমি কত ভোট পাব, সেটা মুখ্য নয়। চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাবো।’

Leave A Reply


Math Captcha
72 + = 74