নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ প্রথমবারের মতো রাজধানী ঢাকায় বড় পরিসরে নারী সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ‘প্রতিবাদী সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নারী কর্মীদের নির্বাচনী কাজে বাধা, সহিংস হামলা ও ভয়ভীতির প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে। সমাবেশটির আয়োজক হিসেবে থাকবে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
দলটির পক্ষ থেকে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে রাজধানীতে প্রথমবারের মতো জামায়াতের নারী নেতা-কর্মীদের বৃহৎ সমাবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন,
“আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয়ে জাতির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল, যেখানে ৪৩ শতাংশ নারী সদস্য রয়েছে। রাজনৈতিক দল হিসেবে আরপিওতে নির্ধারিত ৩৩ শতাংশ নারী অংশগ্রহণের শর্ত একমাত্র জামায়াতই পূরণ করতে পেরেছে।”
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নারী কর্মীরা সারাদেশে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন।
“আমাদের নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের মূল্যায়ন হলো—সারাদেশের নারী ভোটারদের একটি বড় অংশ জামায়াতকে সমর্থন করবেন। কারণ নারীরা শান্তিপ্রিয় এবং বিশৃঙ্খলা ও উগ্রতাকে পছন্দ করেন না,” বলেন তিনি।
ডা. তাহের অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীদের সক্রিয়তা দেখে প্রতিপক্ষ আতঙ্কিত হয়ে পড়েছে।
“এ কারণেই সারাদেশে আমাদের নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এতে দেশে একটি ভীতিকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে,” বলেন তিনি।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন,
“নারীরা আমাদের মা, বোন ও কন্যা। তাদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অথচ যারা নারীর অধিকার ও স্বাধীনতার কথা বলে বেশি চিৎকার করে, তারাই আজ রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা চালাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের পক্ষ থেকে হুমকিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
“জামায়াতকে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, জিহ্বা কেটে দেওয়ার কথাও বলা হচ্ছে—রেডিও ও টেলিভিশনে আমরা এসব শুনতে পাচ্ছি। অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিশ্রুতি ছিল নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা,” বলেন তিনি।
নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করে ডা. তাহের বলেন,
“এত বড় আন্দোলনের পরও যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে জাতির ভবিষ্যৎ খুবই নেতিবাচক হবে। আমি সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

