বরগুনা প্রতিনিধি:
বরগুনা–২ (বামনা–পাথরঘাটা–বেতাগী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ দাবি করেছেন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সমর্থন এখন জামায়াতের প্রতি বাড়ছে। তিনি বলেন, আগে অনেক দেশ ইসলামী দলগুলোর নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ছিল না, তবে বর্তমানে তারাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতে ইসলামীর দিকে নজর দিচ্ছে।
রোববার (২৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সুলতান আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক মহলও এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি অভিযোগ করেন, অতীতে বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং কেন্দ্র দখল, সহিংসতা ও অনিয়মের কারণে দেশের নির্বাচনী ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হলে বিশ্ব দেখবে যে বাংলাদেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ ও জাতির ক্ষতি হবে।
আন্তর্জাতিক সমর্থনের প্রসঙ্গে তিনি দাবি করেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা বিশ্বও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হলে জামায়াতে ইসলামীর মতো শক্তিকে সামনে আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ডা. সুলতান আহমেদ আরও দাবি করেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কূটনৈতিক মহল দুর্নীতি দমনে আগ্রহ দেখাচ্ছে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থাও দুর্নীতিমুক্ত পরিবেশ দেখতে চায় এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা জরুরি, আর এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করা উচিত।

