নারায়ণগঞ্জের ফতুল্লায় চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিয়ে আসা হয়, যেখানে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।
আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং পরে খানপুর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আরিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হয়ে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন। মায়ের মৃত্যুতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

