Tuesday, November 10

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলের জোটপ্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, ‘বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। সব জুলুমের জবাব এবার ব্যালটের মাধ্যমে দেবে।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে সিদ্ধান্ত নেবে—ওই দিন এখন আর নেই। দেশের বাইরে বসে অন্য কোনো দেশ বা এজেন্ট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, সেই সময়ও শেষ। বাইরে বসে অনেক কিছু বলা যায়। সাহস থাকলে বাংলাদেশে আসুক। দেশের মানুষ তাদের দেখিয়ে দেবে তাদের প্রকৃত অবস্থান কী।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি স্তরে রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার যদি বন্ধ করা যায় এবং জনগণের সঙ্গে ইনসাফ করা যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে পারব।’

১১ দলীয় জোটের প্রতি মানুষের ইতিবাচক সাড়ার প্রসঙ্গ তুলে ধরে সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই ১১টি দল কোনো জুলুম করেনি, চাঁদাবাজি করেনি, মিথ্যা মামলা দেয়নি। হয়তো সবাইকে উপকার করতে পারিনি, কিন্তু কারও ক্ষতি করিনি। এই জায়গা থেকেই মানুষ আশান্বিত হচ্ছে। তারা বলছে, ভোটের দিন ব্যালটের বিপ্লব দেখা যাবে এবং সব জুলুমের জবাব ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে।’

তিনি দাবি করেন, ‘আমরা যদি একটি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি, তাহলে শুধু পঞ্চগড়-১ নয়—সারা বাংলাদেশেই ১১ দল ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করবে।’

বিএনপির প্রার্থী ও প্রশাসন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী যদি বলে থাকেন প্রশাসন তাদের সহযোগিতা করছে, তাহলে সেটা নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা। তারা কোনো নিয়ম মানছে না, প্রশাসনকে তোয়াক্কা করছে না।’

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক চাই।’

সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির স্থানীয় কিছু নেতা মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে এবং সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের হুমকি দিচ্ছে। তিনি বলেন, ‘এ ধরনের আচরণ স্বৈরাচারী মানসিকতারই প্রকাশ। ইতিহাস বলে, যাদের পাখনা খুব দ্রুত গজায়, তাদের পাখনাও দ্রুত ভেঙে যায়।’

শেষে তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে মানুষের কাছে যাই, মানুষের কাছে ভোট চাই। মানুষই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। হুমকি-ধামকি দিয়ে ভোট বাড়ে না, বরং কমে। মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে, জুলুমের বিরুদ্ধে থাকবে।’

Leave A Reply


Math Captcha
6 + 4 =